দর্পণ ডেস্ক
কুয়েতে নিরাপত্তা জোরদারে ‘র্যাপিড সেন্ট্রি’ নামের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা জোরদার করতে ব্রিটেন এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পদক্ষেপ নিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহর মধ্যে ফোনালাপের পর এই পদক্ষেপের কথা জানানো হয়। আলাপের সময় স্টারমার রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে কুয়েতের তেল শোধনাগার লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানান।
প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কিয়ার স্টারমার আবারও নিশ্চিত করেছেন যে ব্রিটেন কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলে তাদের সকল মিত্রদের পাশে শক্ত অবস্থানে রয়েছে। এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় র্যাপিড সেন্ট্রি সিস্টেমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মূলত ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার মুখে কুয়েতের কৌশলগত স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই জরুরি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য।











