নিজস্ব প্রতিনিধি
মানবিক সহায়তা, সামাজিক সংযোগ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে সাদা হাতি অ্যাসোসিয়েশন। গতকাল ফ্রান্সে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন।
সাদা হাতি অ্যাসোসিয়েশন একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, সম্মান ও সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। ‘Together for Humanity’—এই বার্তাকে সামনে রেখে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে ‘Permanent Saturday Support’ কর্মসূচির কথা তুলে ধরা হয়। প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে সহিংসতা প্রতিরোধ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও পরিবারের সহায়তা, প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি মোকাবিলা, নবাগতদের সহায়তা এবং নারীদের উদ্যোক্তা কার্যক্রমে সহযোগিতার বিষয়গুলো রয়েছে।
মানসিক সুস্থতা ও সামাজিক যোগাযোগ বাড়াতে সংগঠনটির রয়েছে ‘সুন্দর মন, সুন্দর জীবন’ কর্মসূচি। চা, কথোপকথন, পারস্পরিক সংযোগ ও মেডিটেশনের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মানসিক প্রশান্তি তৈরির লক্ষ্য এ আয়োজনের।
শিশুদের বাংলা ভাষা, ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত করতে রয়েছে ‘আমাদের ছোট্ট বাংলাদেশ’ প্রকল্প। বছরজুড়ে চলা এ উদ্যোগে শিশুদের ভাষা, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে শেখানো হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক।
এ ছাড়া সংগঠনটির অন্যতম উদ্যোগ ‘সাদা হাতি পডকাস্ট—মানুষের গল্প, মানুষের কথা’। এ পডকাস্টে উদ্যোক্তা, নারী, যুবক, অভিভাবক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের জীবনের গল্প, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য, চিন্তা ও স্বপ্ন তুলে ধরার সুযোগ পাবেন।
স্টার নিউজ ফ্রান্সের প্রতিনিধি মাহমুদা ইসলাম মাহি পডকাস্টটি পরিচালনা করবেন। তিনি বলেন, প্রবাসীদের গল্প, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য ও স্বপ্নকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এ পডকাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে প্রবাসী কমিউনিটির কণ্ঠ আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাদা হাতি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোনিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন পথ-এর সিইও আনোয়ারুল মোহাম্মদ, কানিজ ফাতিমা, রোমান্না আফরোজ, রাহুল চৌধুরী, মাহমুদা মাহি, মিতু পাল, তাইবা জাভেদ ও সাইফুল ইসলাম রনি-সহ অর্ধশতাধিক মানুষ। তাঁরা সংগঠনটির বিভিন্ন উদ্যোগ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠনটির রয়েছে ‘Atelier’ কর্মসূচি। প্রতি দুই মাসে একবার আয়োজিত এ সেশনে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তথ্য ও দক্ষতা সহজভাবে শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ তৈরি করতে রয়েছে ‘Cholo Ghuri’ কর্মসূচি। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য বিনা মূল্যে ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ হিসেবে রয়েছে ‘Bonjour Bangladesh’। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে।
সাদা হাতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির সব কার্যক্রম বিনা মূল্যে পরিচালিত হয়। মানুষের কথা শোনা, তাঁদের বোঝা, প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেওয়া এবং পাশে দাঁড়ানো—এই চারটি বিষয়কে সংগঠনটির মূল মূল্যবোধ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, প্রবাসী সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার পাশাপাশি একটি সহমর্মী ও সংযুক্ত কমিউনিটি গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের অংশগ্রহণ বাড়লে এসব কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

















