দর্পণ ডেস্ক: যুক্তরাজ্য সরকার তাদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। এ প্রস্তাব কার্যকর হলে ইটিএ-এর ফি বর্তমান ১৬ পাউন্ড থেকে বেড়ে ২০ পাউন্ডে দাঁড়াবে।
২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যেসব দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন নেই, তাদের জন্য ইটিএ বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হংকং ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ভ্রমণকারীরা অন্তর্ভুক্ত।
গত বছর যুক্তরাজ্য সরকার ইটিএ ফি ৬০ শতাংশ বাড়িয়ে ১০ পাউন্ড থেকে ১৬ পাউন্ড নির্ধারণ করে, যা ২০২৫ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হয়।
হোম অফিসের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, সরকার ইটিএ ফি আরও ৪ পাউন্ড বাড়িয়ে ২০ পাউন্ড করার পরিকল্পনা করছে। তবে এই পরিবর্তন কার্যকরের নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত এই ফি বৃদ্ধির জন্য সংসদের অনুমোদন প্রয়োজন হবে।
হোম অফিস এক বিবৃতিতে জানায়, “আমাদের সব ফি’র মতোই ইটিএ-এর খরচ নিয়মিত পর্যালোচনার আওতায় রাখা হয়। ভবিষ্যতে ইটিএ ফি ২০ পাউন্ডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”
ইটিএ-এর মাধ্যমে একজন ভ্রমণকারী দুই বছরের মধ্যে একাধিকবার যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন, অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই ব্যবস্থার প্রথম দুই বছরে মোট ১ কোটি ৯৬ লাখ ইটিএ অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন একটি নিয়ম কার্যকর হচ্ছে, যার আওতায় ইটিএ ছাড়া যোগ্য কোনো ভ্রমণকারীকে যুক্তরাজ্যগামী পরিবহনে ওঠার অনুমতি দেওয়া হবে না।
যুক্তরাজ্যের বিমানবন্দরে ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেও ইটিএ প্রয়োজন হবে, যদি তারা যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ন্ত্রণ অতিক্রম করেন। তবে লন্ডন হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে যুক্তরাজ্যের সীমান্ত অতিক্রম না করে ট্রানজিট করলে ইটিএ লাগবে না।
এছাড়া, যেসব ভ্রমণকারী ইটিএ-এর যোগ্য নন, তাদের জন্য দুই বছরের ভিজিটর ভিসার ফি ৪৭৫ পাউন্ড থেকে বাড়িয়ে ৫০৬ পাউন্ড করার পরিকল্পনাও করেছে যুক্তরাজ্য সরকার।















