সাজেল আহমেদ : যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
২৫ আগস্ট স্থানীয় সময় দুপুর ১২টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম. এ. মালিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোলাম মর্তুজা, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মুমিন, আনোয়ার আলী, ডা. মো. ইরফান উদ্দিন, আব্দুর রউফ, জহির আলী, জুয়েল মিয়া, সাজেল আহমেদ, ইমরান মিয়া, সোয়ানুর রহমান, ইফতেখার আহমেদ, সুমন রহমান, বাবুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী, কবির উদ্দিন, সেবুল আলী, শাহেদ মিয়া, কামরুল ইসলামসহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও পন্টিপ্রিড থেকে আগত নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৪ সালের ছয় দফা, এগারো দফা, স্বাধিকার আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও সম্ভ্রমহারা দুই লাখের অধিক মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, ‘সত্য চিরন্তন। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না।’ তিনি বলেন, আওয়ামী লীগ, বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই চারটি বিষয়কে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, ততদিন বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে চিরঅম্লান হয়ে থাকবেন।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. মালিকসহ অন্যান্য নেতৃবৃন্দ দেশের সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দেশের ইতিহাস-ঐতিহ্য, জাতীয় বীর এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা ও স্মারকের ওপর হামলার নিন্দা জানান।
বক্তারা বলেন, এসব ঘটনায় দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না; ইতিহাস তার নির্মাতাদের আপন মহিমায় ধারণ করে রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ইতিহাস ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন।



















