দর্পণ রিপোর্ট
প্যারিসে বাংলাদেশ ও ফ্রান্সের ব্যবসায়ী নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ সম্প্রসারণ এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ফ্রান্স বাংলাদেশ অর্থনৈতিক চেম্বারের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল এবং ফ্রান্স বাংলাদেশ অর্থনৈতিক চেম্বারের নেতারা অংশ নেন।
এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ব্যবসায়ীরা ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানো, বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে কার্যকর করা এবং নতুন বাণিজ্যিক অংশীদারত্ব তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ফ্রান্সের পাশাপাশি ইইউভুক্ত দেশগুলোর বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ব্যবসায়িক যোগাযোগ সহজ করা, সম্ভাব্য অংশীদার খুঁজে বের করা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বৈঠকে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং ইউরোপের শুল্ক কাঠামোর সাম্প্রতিক পরিবর্তন নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে আমদানি-রপ্তানি আরও গতিশীল করার পাশাপাশি নতুন বাণিজ্যিক ক্ষেত্র খুঁজে বের করা প্রয়োজন।
বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে ফরাসি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বাইরে অন্যান্য পণ্যের সুযোগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। রপ্তানি পণ্যের পরিসর বাড়িয়ে নতুন বাজার ও ক্রেতা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন ব্যবসায়ী নেতারা।
ফ্রান্স বাংলাদেশ অর্থনৈতিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়ানো প্রয়োজন। এ ধরনের বৈঠক দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এফবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ তৈরিতে ফ্রান্স বাংলাদেশ অর্থনৈতিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসের এ আলোচনা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত করার পাশাপাশি ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ তৈরি এবং বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।
বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ অর্থনৈতিক চেম্বারের আয়োজনে একটি বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।













