দর্পণ ডেস্ক
কৌশলগত স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের লক্ষ্য নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে তিন দেশের প্রেসিডেন্টদের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই ঘোষণাপত্র প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।
‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের ঘোষণাপত্র’ শীর্ষক ওই যৌথ বিবৃতিতে জানানো হয়, পুতিন ও ট্রাম্প উভয়েই এই সম্মেলন আয়োজনের জন্য বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৈঠকে তিন নেতা বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ঘোষণাপত্রে তিন পরাশক্তির মধ্যে চারটি বিষয়ে ঐকমত্য অর্জিত হয়েছে বলা জানানো হয়।
পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এই যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। দীর্ঘদিনের এই নীতি পুনর্ব্যক্ত করে বেইজিং, মস্কো ও ওয়াশিংটন পারমাণবিক ঝুঁকি কমাতে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে একটি সুনির্দিষ্ট সংলাপ শুরুর অঙ্গীকার করেছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহ
বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি মাথায় রেখে ‘সবার কল্যাণে’ পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে তিন দেশ। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার অপরিহার্য গুরুত্বের ওপর জোর দেন নেতারা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে সংস্থাটির অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এর ঘোষিত লক্ষ্য হলো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল লক্ষ্যে অটুট থেকে সংস্থাটিকে আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করার উপযোগী করে তোলা।
আন্তর্জাতিক আইনের বিষয়ে যৌথ অবস্থান গ্রহণ করে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্বের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং অনুরূপ বিচারিক সংস্থাগুলোর ‘তাদের এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয়’ বলে ঐকমত্যে পৌঁছান তিন নেতা।
প্রায় ৯০ মিনিট দীর্ঘ এই বৈঠক শেষ হওয়ার কিছু সময় পরই এয়ার ফোর্স ওয়ানে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে চীনে একত্রিত হয়েছিলেন বিশ্বনেতারা।

























