রাজ্জাক আহমেদ রাজা :দেশজুড়ে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং আইনসম্মতভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সাধারণ মানুষকে দীর্ঘদিনের বিচারিক ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইয়াসমিন চৌধুরীর দায়ের করা অর্থ ও সম্পদ আত্মসাতের মামলাসহ দেশের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবিতে নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান (মাসুদ মিয়া) মানববন্ধনে সভাপতিত্ব করেন। কামাল খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়াসহ অন্যান্য বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখর আহমদ, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী লিয়াকত, সাংবাদিক আশিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক শেবুল আহমদ, সাংবাদিক আশরাফ আহমদ শিপন, সাংবাদিক নওশাদ আহমদ, সাংবাদিক হারুন রশীদ, সার্জন টিভির সম্পাদক জুবের আহমদ সার্জন এবং ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী ও রাবেয়া বেগমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের হয়রানি ও মানসিক দুর্ভোগের শিকার হচ্ছেন। বছরের পর বছর মামলা চলতে থাকায় অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা ইয়াসমিন চৌধুরীর মামলাসহ দেশের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আইনসম্মত আপোষ-মীমাংসার সুযোগ থাকলে তা কার্যকর করে মানুষের ভোগান্তি কমানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।




















