দর্পণ ডেস্ক
সমুদ্রপথে একদিনে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন। শনিবার (১৪ নভেম্বর) ১৪টি নৌকা থেকে মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্টগার্ড। ২০২০ সালের পর একদিনে এটিই দ্বীপপুঞ্জটিতে অভিবাসীদের সর্বোচ্চ আগমনের ঘটনা।
রবিবার (১৫ নভেম্বর) সমুদ্র উদ্ধারকারী পরিষেবার তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ৬ বছর আগে অর্থাৎ ২০২০ সালের ৭ নভেম্বর একদিনে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি জলরাশি থেকে ১ হাজার ৪৬১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। শনিবারের ঘটনা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। এতে দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায়, বিশেষ করে ছোট ও কম জনবসতিপূর্ণ দ্বীপগুলোতে অভিবাসীদের আশ্রয়কেন্দ্র এবং জরুরি সেবার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া একটি নৌকায় ২৪০ জন অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন নারী ও ৩৬টি শিশু রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশির ভাগই সেনেগাল, গাম্বিয়া ও গিনি থেকে এসেছেন। মোট ১৪টি নৌকার মধ্যে ১২টি এল হিয়েরো দ্বীপে পৌঁছায়। অন্য দুটি নৌকার একটি গ্রান ক্যানারিয়া এবং অপরটি টেনেরিফ দ্বীপে পৌঁছায়।
অভিবাসীদের আকস্মিক এই ঢল নিয়ে আলোচনার জন্য স্পেনের আঞ্চলিক নীতি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস রবিবার এল হিয়েরো দ্বীপ পরিদর্শন করবেন।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় উত্তাল সমুদ্র, তীব্র স্রোত ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন। এ যাত্রায় প্রাণহানির ঝুঁকিও অত্যন্ত বেশি।
সাধারণত শরৎকালে এ পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। এ সময় সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূল থাকায় অনেকেই ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে অক্টোবর থেকে আগমনের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ নতুন করে চাপের মুখে পড়েছে।




















