স্পোর্টস ডেস্ক
কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ফ্রান্স। তবে এই ম্যাচে জয়ের পাশাপাশি আলোচনায় এসেছে তাদের বেঞ্চের শক্তি। ম্যাচে শুরুতেই চমকে দেন কোচ দিদিয়ের দেশম। ব্রাজিল ম্যাচের মাত্র তিন দিনের মাথায় বদলে ফেলেছেন পুরো একাদশ।
লাতিন আমেরিকার দলটির বিপক্ষে ম্যাচে জোড়া গোল তরুণ ফরোয়ার্ড দিজিরে দুয়ে বা মিডফিল্ড মাতানো ওয়ারেন জায়ার এমিরির মতো তারকারা দেখিয়েছেন সুযোগ পেলে প্রথম একাদশের যেকোন খেলোয়াড়ের চেয়ে কম যান না তারাও।
পিএসজির হয়ে খেলা ব্র্যাডলি বারকোলা (৭০ মিলিয়ন), বার্সেলোনার রক্ষণভাগের জুলেস কুন্ডে (৬৫ মিলিয়ন) বা আর্সেনালের হয়ে খেলা উইলিয়াম সালিবার (৯০ মিলিয়ন) মতো তারকারা চোটে থাকায় তাদের ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স।
আর তাই ব্রাজিল ম্যাচকে ফ্রান্সের মূল একাদশ ধরলে ট্রানফার মার্কেটের তথ্য অনুযায়ী, তারকায় ভরা ফরাসি বদলি খেলোয়াড়দের মোট বাজারমূল্য প্রায় ৫৫০ মিলিয়ন ইউরো।
এখানে ব্রাজিল ম্যাচে ফ্রান্সের বেঞ্চে থাকা খেলোয়াড়দের তালিকা ও বাজারমূল্য দেওয়া হল—
গোলকিপার
ব্রাইস সাম্বা (৮ মিলিয়ন), লুকাস শেভালিয়ের (৩০ মিলিয়ন)
ডিফেন্ডার
ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স (৪০ মিলিয়ন), লুকাস হার্নান্দেস (২০ মিলিয়ন), লুকাস ডিগনে (৮ মিলিয়ন), পিয়েরে কালুলু (৩২ মিলিয়ন)
মিডফিল্ডার-
এদুয়ার্দো কামাভিঙ্গা (৫০ মিলিয়ন), এন’গোলো কান্তে (৪.৫ মিলিয়ন), ওয়ারেন জায়ার এমিরি (৬০ মিলিয়ন), ম্যাগনেস আকলিওচে (৫০ মিলিয়ন), রায়ান শেরকি (৬৫ মিলিয়ন)
ফরোয়ার্ড-
দিজিরে দুয়ে (৯০ মিলিয়ন), মার্কাস থুরাম (৫০ মিলিয়ন), র্যান্ডাল কোলো মুয়ানি (২২ মিলিয়ন)
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারানো শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন খেলোয়াড়দের যাচাই-বাছাই করতেই দল ঘুরিয়ে দেখছেন কোচ দেশম।
একাদশে ব্যাপক পরিবর্তন আনলেও পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখেনি ফ্রান্স। বরং সহজ জয় তুলে নিয়ে নিজেদের গভীরতা প্রমাণ করেছে দলটি। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী স্কোয়াড নিয়ে ফ্রান্স নিজেদের আবারও বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করছে।



















