দর্পণ ডেস্ক
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন। শুক্রবার (২৭ নভেম্বর) রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত অভিবাসীর আগমনে অঞ্চলটির কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছে, তখনই এ মর্মান্তিক ঘটনা ঘটল।
স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা এর আগে জানিয়েছিল, নৌকাটিতে আট থেকে ১০ জনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ইএফই জানায়, নৌকা থেকে মোট ১৪ জনের মরদেহ উপকূলে আনা হয়েছে।
নৌকাটি এল হিয়েরো দ্বীপের প্রায় ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণে শনাক্ত করা হয়। পরে সেটিকে টেনে লা এস্তাকা বন্দরে নেওয়া হচ্ছিল।
বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত ক্যানারি দ্বীপপুঞ্জের এই পথে প্রতিবছর বহু মানুষ প্রাণ হারান। উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় নামেন অভিবাসীরা।
এদিকে, স্পেনে সাধারণ নির্বাচনের আগে অভিবাসন ইস্যু নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এর মধ্যেই নতুন করে এই প্রাণহানির ঘটনা অভিবাসন সংকট ও সমুদ্রপথে যাত্রার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সর্বশেষ সংবাদ
স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















