নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল সারকারখানায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুর প্রায় ১২টার দিকে সারকারখানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পেছনে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার লোড-আনলোড ও সংশ্লিষ্ট কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন মোয়াজ্জেম হোসেন শাহেদ ও আব্দুল হামিদ রাজু।
ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুলেছেন।
মোয়াজ্জেম হোসেন শাহেদের অনুসারী সাইফুল ইসলাম মিটু অভিযোগ করেন, আব্দুল হামিদ রাজু সারকারখানার ‘সলিড হ্যান্ডলিং’ ঠিকাদার হিসেবে কাজ করছেন। তিনি দাবি করেন, রাজু অবৈধভাবে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের দিয়ে ‘সলিড হ্যান্ডলিং’-এর কাজ করিয়ে বিল উত্তোলন করেন এবং অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার লোড-আনলোডে চাঁদাবাজি করেন। এসবের প্রতিবাদ করতে গেলে রাজু ও তার লোকজন শাহেদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে শাহেদ গুরুতর আহত হন।
অন্যদিকে আব্দুল হামিদ রাজু দাবি করেন, অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ট্রাকে তোলার সময় মোয়াজ্জেম হোসেন শাহেদ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করার চেষ্টা করেন। এ সময় শাহেদ তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন রাজু। তিনি জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহেদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এতে তার হাত ও মাথায় আঘাত লাগে।
এ বিষয়ে শাহজালাল সারকারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) হাফিজ উদ্দিন খান বলেন, “ঘটনার সময় আমি কারখানার বাইরে ছিলাম। পরে শুনেছি কারখানার ভেতরে মারামারির ঘটনা ঘটেছে।”
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।



















