মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: সুস্থধারার সংস্কৃতি চর্চা এবং প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ইতালিতে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাজধানী রোমে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, মুজিবুর রহমান, নাহিদ আহমেদ, প্রিন্স হাসান আহমেদ, সাবেল আহমেদ, লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।
বক্তারা আরও বলেন, বৃহত্তর সিলেটের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে প্রবাসী তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রবাসে সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব হবে।
অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।















