দর্পণ রিপোর্ট : ফ্রান্সের মধ্যপন্থী দলগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত, এ পরিস্থিতিতে উগ্র ডান বা বাম বিকল্প ঠেকাতে ঐক্যের প্রশ্ন জোরেশোরে সামনে এসেছে।
ফ্রান্সে উগ্র ডানপন্থী ও উগ্র বামপন্থী শক্তির নির্বাচনী প্রভাব ক্রমশ বাড়তে থাকায় বাম, মধ্যপন্থী ও ডানপন্থী রাজনৈতিক শিবিরে এখন একটি প্রশ্নই বড় হয়ে উঠছে—একক প্রার্থী দেওয়া হবে কি না।
মধ্যপন্থী ভোটারদের বড় একটি অংশ ভাবছেন এমন একজন প্রার্থীকে সামনে নিয়ে আসতে যিনি দ্বিতীয় দফায় মেরিন ল্য পেন ও জঁ-লুক মেলঁশোঁর সম্ভাব্য মুখোমুখি লড়াই ঠেকাতে সবচেয়ে বেশি সক্ষম।
প্রথম দফাতেই কি রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধ হওয়া উচিত, নাকি দ্বিতীয় দফা পর্যন্ত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া উচিত? এই দ্বিধাই এখন সেই সব রাজনৈতিক গোষ্ঠীর সামনে, যারা একদিকে কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিজ (LFI) এবং অন্যদিকে উগ্র ডানপন্থী র্যাসঁব্লমঁ নাসিওনাল (RN)—উভয়ের থেকেই নিজেদের দূরে রেখেছে।
২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আট মাস বাকি। এই দলগুলি নিজেদেরকে LFI ও RN—দুই শিবিরের বিরোধী হিসেবে তুলে ধরে এমন ভোটারদের সমর্থন পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে, যারা মেলঁশোঁ কিংবা মেরিন ল্য পেন—কাউকেই ক্ষমতায় দেখতে চান না।
কিন্তু প্রায় এক দশক ধরে এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী শাসনের পর রাজনৈতিক পরিসরটি অনেকটাই সংকুচিত হয়েছে। এই পরিস্থিতিতে উভয় প্রান্তের দুই বিপরীত রাজনৈতিক শিবিরের মধ্যে দ্বিতীয় দফার লড়াই হওয়ার সম্ভাবনা এখন ফরাসি নির্বাচনী রাজনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
একের পর এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, ফ্রান্সের প্রথাগত ডান বা বাম কিংবা মধ্যপন্থী দলগুলোর চেয়ে কট্টর বাম বা উগ্র ডান পন্থার দিকে জনমত ঘুরে যাচ্ছে। এ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ন্যূনতম ঐক্যের বিকল্প নেই। এক্ষেত্রে ম্যাক্রোঁবাদ, সমাজাবাদী দল, কিংবা মধ্য ডানদের ঐক্য জরুরি।










