১৮ জনের চূড়ান্ত লড়াইয়ে মোহাম্মদ আলী
চৌধুরী, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি
মো.জুনেদ আহমদ
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসর। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীর ঐতিহাসিক কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে বসবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত প্রাইভেট শেফদের এই আসর। এতে বাংলাদেশের পতাকা হাতে চূড়ান্ত পর্বে অংশ নেবেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। তিনি এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪০টি আবেদন জমা পড়ে। কঠোর বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন মাত্র ১৮ জন শেফ। পাঁচ মহাদেশের প্রতিযোগীদের এই বিশ্বলড়াইয়ে মোহাম্মদ আলী চৌধুরীর জায়গা করে নেওয়াকে বাংলাদেশের রন্ধনশিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মোহাম্মদ আলী চৌধুরীর চূড়ান্ত প্রতিযোগিতা। আন্তর্জাতিক বিচারকদের সামনে বাংলাদেশের পতাকা হাতে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও খাবার পরিবেশনের নৈপুণ্য তুলে ধরবেন তিনি। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছেন ফ্রান্স, মেক্সিকো, জার্মানি, ব্রাজিল, বুলগেরিয়া, বেলজিয়াম, টোগো ও ক্যামেরুনসহ বিশ্বের বিভিন্ন দেশের শেফরা। ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ’ কেবল রান্নার দক্ষতা প্রদর্শনের প্রতিযোগিতা নয়; একজন প্রাইভেট শেফের সামগ্রিক পেশাগত দক্ষতা যাচাইয়েরও আন্তর্জাতিক মঞ্চ এটি। খাবারের পরিকল্পনা ও মেনু তৈরি থেকে শুরু করে উপকরণ নির্বাচন, রান্না, খাবার পরিবেশন এবং অতিথিদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্মরণীয় খাবারের অভিজ্ঞতা তৈরি—প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগীদের দক্ষতার পরিচয় দিতে হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও খাদ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক বোর্ড প্রতিযোগীদের মূল্যায়ন করবেন। বিচারকদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ এবং আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ খাদ্য ও রন্ধনশিল্পের অভিজ্ঞ ব্যক্তিত্বরা। ফ্রান্সে দীর্ঘদিনের রন্ধনশিল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী। তাঁর কাছে এই অংশগ্রহণ কেবল ব্যক্তিগত সাফল্যের লড়াই নয়; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য, স্বাদ ও সংস্কৃতিকে তুলে ধরাও অন্যতম লক্ষ্য। প্যারিসের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা হাতে একজন প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে উচ্ছ্বসিত ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিও। আগামী ১১ সেপ্টেম্বরের চূড়ান্ত প্রতিযোগিতার দিকে তাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের গুরুত্বপূর্ণ রন্ধনমঞ্চগুলোর একটি ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ’-এর চূড়ান্ত পর্বে মোহাম্মদ আলী চৌধুরীর অংশগ্রহণ বাংলাদেশের রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে তাঁর এই অর্জন দেশের তরুণ শেফদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।


















