দর্পণ ডেস্ক
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাকে চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে আগামী ৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে খন্দকার মোহাম্মদ তালহাকে চুক্তিতে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর তালহাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়ার আগে খন্দকার মোহাম্মদ তালহা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন ও তেহরানে বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।



















