দর্পণ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ফ্রান্স বিএনপির কমিটি ঘোষণার নামে বিভ্রান্তিকর পোস্টার প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে রেজাউল করিম রেজা জানান, গত শুক্রবার (৬ নভেম্বর) ফেসবুকের একটি ভুয়া আইডি থেকে ফ্রান্স বিএনপির কমিটি ঘোষণার দাবি করে একটি পোস্টার প্রচার করা হয়। ওই পোস্টারে সভাপতি হিসেবে মাহবুব আলম রাঙা, সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজিজের নাম উল্লেখ করা হয়েছে।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই কমিটির তথ্য সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠনের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠনকে ঘিরে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার অত্যন্ত অনভিপ্রেত ও নিন্দনীয়। এর মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে।
রেজাউল করিম রেজা প্রচারিত পোস্টারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন।
















