দর্পণ ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।
এর পরপরই জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর আশপাশে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুইজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা দুই হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই আতঙ্কে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যরা ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে।
হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং জানান, অনুষ্ঠানটি পরে আবার শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প— উভয়কেই অনুষ্ঠানস্থল থেকে সিক্রেট সার্ভিস সরিয়ে নেয় বলে সিবিএস জানিয়েছে। তাদের সরিয়ে নেয়ার পর কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সশস্ত্র সদস্যদের মঞ্চে অবস্থান নিতে দেখা যায়। তারা লম্বা অস্ত্র তাক করে কক্ষের পেছনের দিকে নজর রাখছিলেন।
এর কিছুক্ষণ পর নিরাপত্তা সদস্যরা আরেকজন অতিথিকে দ্রুত সামনের দিকে সরিয়ে নেন। এ সময় অনেকে মেঝেতে শুয়ে ছিলেন এবং নিরাপত্তা সদস্যরা টেবিল-চেয়ার ডিঙিয়ে ওই ব্যক্তিকে বের করে আনেন।


















