দর্পণ ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ মে) মধ্যরাতে ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামে। তিনি ওই এলাকার নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, শনিবার (২ মে) গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। পরদিন রোববার সকাল ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হাসিবুর রহমানের বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। বিদেশে আসার মাত্র চার মাস আগে তিনি বিয়ে করেন।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করছেন। এই অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও পরিচিতজনসহ প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।














