দর্পণ রিপোর্ট : ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ১৭ অক্টোবরের বিক্ষোভ-আন্দোলনকে কেন্দ্র করে লুটপাটের শিকার বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের একটি দল। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তাঁরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা জানান, প্রবাসে এমন সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একা লড়তে হবে না। তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি সম্মিলিতভাবে সহযোগিতার উদ্যোগ নেবে।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় চার দফা উদ্যোগ
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রতিনিধি দল। এ লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে।
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ক্ষতিপূরণ আদায়ের জন্য অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা নিশ্চিত করা, বীমার অর্থ দ্রুত ও যথাযথভাবে আদায়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ব্যবসা পুনরায় চালুর লক্ষ্যে জরুরি আর্থিক তহবিল গঠনের পরিকল্পনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আইনজীবী ও বীমা বিশেষজ্ঞদের অংশগ্রহণে শিগগিরই একটি মতবিনিময় সভার আয়োজন।
প্রতিনিধি দলের সদস্যরা মনে করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক চাপ কমানো এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত লুটপাটে ক্ষতিগ্রস্ত ১২টি দোকানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোও পর্যায়ক্রমে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আইনি সহায়তা, বীমার দাবি নিষ্পত্তি কিংবা জরুরি আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
পরিদর্শনে ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকেরা
পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন, বিডি মুভলের চেয়ারম্যান ও ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ, বিসিএফের (BCF) প্রেসিডেন্ট এমডি নূর, লেখক ও মানবাধিকারকর্মী সোহেল হোসেন বাপ্পি, যুবদল নেতা মইনুল হক, নোয়াখালী অ্যাসোসিয়েশনের জহিরুল ইসলাম, বিসিএফের ইমরান, খন্দকার পিন্টু, হুমায়ুন কবির ও ফাহিম হোসেন।
সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, লুৎফুর রহমান বাবু, বাদল পাল, মামুন মাহিন, আশিক আহমেদ উল্লাস, আবু তাহের রাজু ও মাহমুদা মাহি।
সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, প্রবাসে যেকোনো সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও কমিউনিটির ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তাঁরা আশা প্রকাশ করেন, আইনি সহায়তা, বীমার অর্থ আদায়ে সহযোগিতা এবং জরুরি আর্থিক তহবিল গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন।




















