মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি
ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কর্মী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন করেছে ইতালি বিএনপি। বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের।
লিখিত বক্তব্যে বলা হয়, ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও লাঞ্ছনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইতালি বিএনপি।
বক্তব্যে আরও বলা হয়, প্রবাসের মাটিতে একজন নারী, মুক্তচিন্তার প্রতীক এবং গণআন্দোলনের কর্মীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা ও রাজনৈতিক সহনশীলতা গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি। তাই এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত প্রত্যেক নাগরিকের নিরাপদে থাকা এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। কোনো ধরনের হুমকি বা সহিংসতার মাধ্যমে প্রবাসীদের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করা যাবে না।
সংবাদ সম্মেলনে ইতালি বিএনপির সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির ও মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাংগঠনিক সম্পাদক কওসার আহমেদ তাজুলসহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















