রাবেয়া অ্যাগ্রো ফার্মের এক কর্মচারী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগছে।
দর্পণ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লালগালিচা সংবর্ধনা দিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার (২৫ মে) সন্ধ্যায় ক্রেতা মহিষটিকে নিতে আসলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।
এর আগে, দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে তাকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লালগালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।
এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।
এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানি ত্যাগের মহিমায় দিতে হয়। তারা আজীবন ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখবেন।
রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক দিন আগে ক্রয় করেছিলেন।























