-
ফ্রান্সে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে BSNF-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান

প্যারিস প্রতিনিধি: ফ্রান্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য আসা নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশি শিক্ষার্থীদের নন-প্রফিট সংগঠন BSNF। সম্প্রতি প্যারিসের ১০ম arrondissement-এর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সে অধ্যয়নরত শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও নতুন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের সঙ্গে ফ্রান্সে দীর্ঘদিন ধরে বসবাসরত ও অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করা হয়।
চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করা BSNF ফ্রান্সে অবস্থানরত ও উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত ও সামাজিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, ভিসা-সংক্রান্ত দিকনির্দেশনা, আবাসন খোঁজা এবং ফ্রান্সে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে প্রায় দেড় ঘণ্টার একটি ওপেন নেটওয়ার্কিং পর্ব অনুষ্ঠিত হয়। এতে নতুন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ জানার সুযোগ পান।
পরে শামীম আহমেদের সভাপতিত্বে এবং মিহসান তামিমের সঞ্চালনায় মূল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে BSNF-এর লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফ্রান্সে আসা শিক্ষার্থীদের ভর্তি, ভিসা প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবাসন এবং বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হয়। 
অ্যালামনাইদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা
অনুষ্ঠানে অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারিদ মিয়া। তিনি বর্তমানে ফ্রান্সের Safran-এ প্রকৌশলী হিসেবে কর্মরত। ফ্রান্সের শিল্প ও প্রকৌশল খাতে কর্মসংস্থানের সুযোগ, ইন্টার্নশিপ এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পাশাপাশি Safran-সহ ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ইন্টার্নশিপের জন্য আবেদন করার বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।-
ফ্রান্সে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তানজিম হোসেন। তিনি বলেন, ফ্রান্সে পড়াশোনা ও পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য ফরাসি ভাষা জানা গুরুত্বপূর্ণ। নতুন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফরাসি ভাষা শেখার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ফ্রান্সে ডেটা সায়েন্টিস্ট, এআই গবেষক ও প্রযুক্তি খাতে কর্মরত ড. আবুল হাসনাত তাঁর একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। ফরাসি ভাষা শেখা, একাডেমিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং আন্তর্জাতিক পরিসরে ক্যারিয়ার গড়ে তোলার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব
আলোচনায় বক্তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষার শুরুতে নতুন শিক্ষার্থীদের প্রশাসনিক, একাডেমিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষার্থী ও অ্যালামনাইদের সহযোগিতা তাঁদের পথচলাকে সহজ করতে পারে।
তাঁদের মতে, বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখলে ইন্টার্নশিপ, গবেষণা, চাকরি এবং পেশাগত উন্নয়নের সুযোগ সম্পর্কে জানা সহজ হয়। একই সঙ্গে ফরাসি ভাষায় দক্ষতা অর্জন এবং স্থানীয় শিক্ষা ও কর্মপরিবেশ সম্পর্কে ধারণা নেওয়াও জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত নতুন শিক্ষার্থীদের কয়েকজন ফ্রান্সে উচ্চশিক্ষায় ভর্তি ও আগমনের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ভিসা-সংক্রান্ত দিকনির্দেশনা এবং ফ্রান্সে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্রে BSNF-এর সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করেন।
আয়োজকদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা, নেটওয়ার্কিং, ভাষাগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতির মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর কমিউনিটি গড়ে উঠবে। ভবিষ্যতে এই নেটওয়ার্ক শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত অগ্রগতির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করতেও সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাকাশবিজ্ঞানের শিক্ষার্থী ও France-Greenpeace-এর অ্যাক্টিভিস্ট ইকরামুল কবির সালমান, Université Paris-Saclay-এর পিএইচডি গবেষক আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, মুহাম্মদ রাকিবুল হাসান, আবদুল্লাহ আল হাসান, ওয়ায়েদুল হক শাহিন, BCF-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল কবিরসহ আরও অনেকে।
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে BSNF-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















