হবিগঞ্জ প্রতিনিধি
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব—এমন মন্তব্য করে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরীর জীবন থেকে শিক্ষার্থীদের নির্লোভ, সৎ ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা নিতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, আব্দুল হান্নান চৌধুরী জীবনে অনেক আকর্ষণীয় চাকরির সুযোগ পেয়েও সেগুলোকে প্রাধান্য না দিয়ে শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিয়েছিলেন। তাঁর জীবন ছিল নীতি, আদর্শ ও শিক্ষার প্রতি গভীর নিষ্ঠার উদাহরণ। বর্তমান প্রজন্ম তাঁর জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা নিতে পারে।
হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শিউলি রাণী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, কবি ও প্রাবন্ধিক রোটারিয়ান তাহমিনা বেগম গিনি এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মুহিত চৌধুরী নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ হাই স্কুলের শিক্ষার্থী মাহিন চৌধুরী। পরে আব্দুল হান্নান চৌধুরীর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।

বক্তারা বলেন, আব্দুল হান্নান চৌধুরী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান মানুষ। তাঁর স্মৃতি ধরে রাখতে প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করায় মরহুমের ছেলে ও সুইডেনপ্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। এছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আব্দুল হান্নান চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেনপ্রবাসী আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহযোগিতায় প্রতি বছর তাঁর স্মরণে এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।



















