দর্পণ ডেস্ক
ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ পর্তুগালে বিদেশিদের রেসিডেন্স পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। নতুন অভিবাসন আইনে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য দেশটির ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে।
এখন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও সিআইটিই শিক্ষার্থীদের রেসিডেন্স পেতে ভিসার শর্তসহ পূরণ করতে হবে আরো কিছু আইনি শর্ত।
গত ১০ সেপ্টেম্বর সরকারি গেজেটে প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এতে পর্তুগালের অভিবাসন আইনের আর্টিকেল ৯২-এর ৪ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং সিআইটিই লেভেল ৪ কোর্সের শিক্ষার্থীদের আর্টিকেল ৯২-এর আওতায় বসবাসের অনুমতি পেতে হলে রেসিডেন্স ভিসা থাকতে হবে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, এসএনএস বা বৈধ স্বাস্থ্যবীমাসহ অন্যান্য আইনি শর্তও পূরণ করতে হবে।
এর ফলে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য পর্তুগালের ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে। তবে আর্টিকেল ৯২ পুরোপুরি বাতিল হয়নি; নতুন শর্তের অধীনেই এটি কার্যকর রয়েছে।
নতুন আইনে রেসিডেন্স আবেদনের সিদ্ধান্ত সাধারণত ৯০ দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে।
তবে বিশেষ পরিস্থিতিতে আরো ৩০ দিন সময় বাড়ানো যেতে পারে।
এমন অবস্থায় পর্তুগালে পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য আসতে আগ্রহীদের দেশ ছাড়ার আগেই সঠিক ভিসা, কোর্সের ধরন ও রেসিডেন্স পাওয়ার যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।



















