স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে ওবারভিলিয়ে এলাকার বিডি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল হক বুলু। সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মানিক মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মিয়া মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিল্টন সরকার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম রাঙা, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক লুতফুর রহমান বাবু, সহসভাপতি জুনেদ ফারহান, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, ঢাকা ক্লাবের সভাপতি রানা রহমান, সাধারণ সম্পাদক কামাল শিকদারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা তাওফিকা সাহেদ। সাংস্কৃতিক পর্বে প্যারিসের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম সুরমা, মিষ্টি বিশ্বাস ও রাজিব সংগীত পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিডি মিউবলের স্বত্বাধিকারী মিয়া, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, সেরাটন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নাসিম ও আপেল মাহমুদের সৌজন্যে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্পনসর হিসেবে সহযোগিতা করে BD MEUBLES, ORPI GLOBE, M S FOOD এবং GFC।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, তাঁদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার লক্ষ্যেই এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের স্বার্থ ও কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




















