নূরুল ইসলাম ,বার্মিংহাম, যুক্তরাজ্য: প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবকল্যাণে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মল হিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী এবং হাজি কবির উদ্দিন। তাঁরা তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক ঐক্য এবং প্রবাসী ও দেশের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ কেন্দ্রীয়, রিজিওনাল এবং বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক।
১৭ লাখ টাকার দুটি মানবিক প্রকল্প গ্রহণ
সভায় মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারীদের জীবিকা অর্জনের সুযোগ সৃষ্টি এবং তাঁদের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগের চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের জন্য ১০ লাখ টাকার আরও একটি মানবিক প্রকল্প অনুমোদন করা হয়।
দুটি প্রকল্প বাস্তবায়নে সভায় সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগগুলোকে সংগঠনের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে অভিহিত করেন।
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি
সভায় সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর তাঁর সমাপনী বক্তব্যে সভাকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সবাইকে দল-মত ও আঞ্চলিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জোর দাবি জানান। পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজসহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে গুরুত্বারোপ
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।
তাঁরা আশা প্রকাশ করেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটানোর পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সংগঠনের মানবিক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বার্মিংহামের জনপ্রিয় পানশী রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।



















